আল্লাহ আমাকে সাহায্য করবেন




এক এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গবাদি পশু, মানুষ সব ভেসে যাচ্ছে। 

এসময় একটি লোক আল্লাহ্‌র কাছে প্রার্থনা করতে লাগল, হে আল্লাহ্‌! তুমি আমাকে উদ্ধার কর। কিছুক্ষনের মধ্যে দেখা গেল, একটি নৌকা আসছে।
 
মাঝি লোকটিকে নৌকায় উঠে আসতে বলল। কিন্তু সে রাজী হলো না। বললো, নৌকার দরকার নেই। আল্লাহ্‌ই আমাকে উদ্ধার করবেন। সে নৌকায় উঠলো না। নৌকা চলে গেল। 

পানি আরো বাড়তে লাগলো। ঘরের অর্ধেকের বেশী ডুবে গেল পানিতে। লোকটি ঘরের মধ্যে চৌকি দিয়ে মাচা করে তার উপর উঠে দাঁড়াল। এর মধ্যে সেনাবাহিনীর পেট্রোল বোট অর্থাৎ স্পিডবোট এদিক দিয়ে যাচ্ছিল। তাকে দেখে বললো, উঠে এসো। আমরা বন্যাদুর্গতদের উদ্ধার করছি। সে তাদের বোটেও উঠলো না। বললো, আমি আপনাদের সাথে যাব না। আল্লাহ্‌ই আমাকে উদ্ধার করবেন। স্পিডবোট চলে গেল। 

পানি বাড়তে বাড়তে তার ঘরের চাল পর্যন্ত উঠে গেল। সে গিয়ে দাঁড়াল চালের ওপর। এমন সময় ওপর দিয়ে আর্মির একটা হেলিকপ্টার তাকে দেখতে পেয়ে সাথে সাথে রশি ফেলে বলল, এই রশিটা ধর। আমরা তোমাকে উঠিয়ে নিচ্ছি। সে বলল, আমি রশি ধরবো না, আল্লাহ্‌ই আমাকে উদ্ধার করবেন - এই বলে তার বাঁচার শেষ অবলম্বন হেলিকপ্টারটিকেও সে বিদেয় করে দিলো। 

পানি আরো বাড়লো, এবং এক পর্যায়ে পানি তাকেও ডুবিয়ে দিলো। হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত সে মারাই গেল। 

মারা গিয়ে ফেরেশতাদের সঙ্গে দেখা হওয়ার পর সে বলল, আমি আল্লাহকে এত ডাকলাম, অথচ তিনি আমার কথা শুনলেন না। 

ফেরেশতারা বললো যে, দেখ, আল্লাহ্‌ তো প্রথমে ডিঙি নৌকা পাঠালেন, তারপর স্পিডবোট পাঠালেন, তারপর হেলিকপ্টার পাঠালেন। কিন্তু তুমি কোনোটাতেই উঠলে না। তুমি যদি না ওঠ, তাহলে আল্লাহ্‌ তোমাকে কীভাবে রক্ষা করবেন? 

Collected

শিক্ষনীয়ঃ আল্লাহর সাহায্য বা সুযোগ সবার জীবনেই আসে, কখনো কখনো প্রকাশ্যে আসে আবার কখনো কখনো খুব সন্তর্পণে এসে দরজায় টোকা দেয়, তাই সব সময় আল্লাহ্‌ সচেতন থাকতে হবে।        

Comments